ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার সকাল ৭টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে ২৯৯ আসনের মধ্যে ২৭১টি আসনের ফল নিশ্চিত হওয়া গেছে।

এসব ফলাফলে বিএনপি জোট ১৯৮টি আসনে জয়ী হয়েছে। বাকি আসনগুলোর ফল যাচাই ও গেজেট প্রকাশের পর নতুন সংসদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা–১৭ ও বগুড়া-৬—এই দুই আসন থেকেই বিজয়ী হয়েছেন। এর ফলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পথ উন্মুক্ত হয়েছে। দীর্ঘ ২০ বছর পর দল হিসেবে বিএনপির সামনে সরকার গঠনের সুবর্ণ সুযোগ এলো। ঐতিহাসিক এই বিজয় উপলক্ষে দলটি বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের কর্মসূচি ঘোষণা করেছে। একই সঙ্গে কোনো ধরনের বিজয় মিছিল বা সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর বাংলাদেশ গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থায় ফিরে আসে। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার ক্ষমতায় আসে বিএনপি এবং প্রধানমন্ত্রী হন প্রয়াত খালেদা জিয়া। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে দলটি আবার ক্ষমতায় এলেও সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে পদত্যাগ করে বিরোধী দলে বসে। ২০০১ সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট পুনরায় ক্ষমতায় আসে এবং সেবারও প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। পাঁচ বছর ক্ষমতায় থাকার পর ২০০৬ সালের অক্টোবরে তাদের মেয়াদ শেষ হয়। ২০০৮ সালের নির্বাচনের পর বিএনপি বিরোধী দলে যায় এবং পরবর্তী সময় ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসে।

দীর্ঘ দুই দশক ক্ষমতার বাইরে থাকার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি জোট। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাচ্ছে দলটি। এবারের সংসদে বিরোধী দল হিসেবে থাকার সম্ভাবনা রয়েছে ২০০১ সালে বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামীর। জামায়াত ও তাদের জোটসঙ্গীরা মিলিয়ে ৬৬টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা পেয়েছে আরও ৭টি আসন। একটি আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত থাকায় ২৯৯টি আসনের পূর্ণাঙ্গ ফলাফল পেতে আরও কিছুটা সময় লাগতে পারে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com