বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।
এক্সে প্রকাশিত বার্তায় মোদি লেখেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে।
আমাদের বহুমুখী সম্পর্ক আরও জোরদার করতে এবং দ্বিপক্ষীয় উন্নয়নের লক্ষ্য অর্জনে আপনার সঙ্গে কাজ করতে আমি আগ্রহী।’
এর আগে, নির্বাচনের ফল প্রকাশের পর বাংলাদেশের জনগণ ও নির্বাচনী বিজয়ের জন্য বিএনপি এবং তারেক রহমানকে অভিনন্দন জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে এ শুভেচ্ছা বার্তা জানানো হয়।