পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম বিন সাঈদীকে ৯ হাজার ২৪০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
নির্বাচনের ফলাফলে আহম্মদ সোহেল মনজুর সুমন মোট ১ লাখ ৪ হাজার ৪১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম বিন সাঈদী পেয়েছেন ৯৫ হাজার ১৭৩ ভোট। এ আসনে মোট ১৬৬টি ভোটকেন্দ্রে ৪ লাখ ৯ হাজার ২৮৮ জন ভোটার নিবন্ধিত ছিলেন।
কাউখালি উপজেলা সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ৩৩টি কেন্দ্রে মোট ৬৫ হাজার ৫৩৪ ভোটারের মধ্যে বিএনপি প্রার্থী পেয়েছেন ১৫ হাজার ৩ ভোট এবং জামায়াত প্রার্থী পেয়েছেন ১৮ হাজার ৯৯১ ভোট। ফলে কাউখালি উপজেলা থেকে শামীম বিন সাঈদী ৩ হাজার ৯৮৮ ভোটে এগিয়ে ছিলেন।
ভান্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিস সূত্র অনুযায়ী, ৫৬টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৪১ হাজার ৭৬৪ জন। এখানে আহম্মদ সোহেল মনজুর সুমন পেয়েছেন ১৯ হাজার ৯১০ ভোট, আর শামীম বিন সাঈদী পেয়েছেন ৩৯ হাজার ১৯ ভোট। এতে ভান্ডারিয়া উপজেলাতেও জামায়াত প্রার্থী ১৯ হাজার ১০৯ ভোটে এগিয়ে ছিলেন।
কাউখালি ও ভান্ডারিয়ার ধারাবাহিক ফলাফলে শুরুতে জামায়াত সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিলেও নেছারাবাদ উপজেলার ফল প্রকাশের পর নির্বাচনের চিত্র পুরোপুরি পাল্টে যায়। নেছারাবাদ উপজেলা সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ৭৭টি কেন্দ্রে মোট ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ ভোটারের মধ্যে আহম্মদ সোহেল মনজুর সুমন পেয়েছেন ৬৯ হাজার ৫০০ ভোট এবং শামীম বিন সাঈদী পেয়েছেন ৩৭ হাজার ১৬৩ ভোট। এই উপজেলা থেকেই বিএনপি প্রার্থী ৩২ হাজার ৪৩৭ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত বিজয় নিশ্চিত করেন।