৯ জেলায় আ.লীগ কার্যালয় খুলল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

প্রায় ১৮ মাস পর দেশের বিভিন্ন জেলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর নেতাকর্মীরা হঠাৎ করে উপস্থিতি জানান দিয়েছেন। নোয়াখালী, বরগুনা, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, হবিগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম এবং দিনাজপুরের পার্বতীপুরে দলটির পরিত্যক্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিবুর রহমানশেখ হাসিনা-র ছবি টানানোর ঘটনা ঘটেছে। বুধবার এসব ঘটনা ঘটে। এর আগে গত সোমবার চার জেলায় এবং রোববার ছয় জেলায় নেতাকর্মীরা একইভাবে উপস্থিতি জানান দেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় এসব কার্যালয় ভাঙচুর করে বন্ধ করে দেওয়া হয়েছিল।

কিছু স্থানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সংক্ষিপ্ত সমাবেশও করা হয়। তবে কর্মসূচি শেষ হওয়ার পরপরই কয়েকটি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। হবিগঞ্জে জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

নোয়াখালী জেলা কার্যালয়ে তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার টানান ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। সকাল ৮টার দিকে মাইজদী টাউন হল মোড়ে এ ঘটনা ঘটে। পরে ব্যানারটি সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বরগুনায় জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাদের ছবি টানানো হয়। শহরের শেরেবাংলা সড়কে অবস্থিত কার্যালয়ে পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায়। কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বরসংলগ্ন পরিত্যক্ত কার্যালয়েও একই ধরনের ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, খবর পেয়ে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

নারায়ণগঞ্জ নগরীর দুই নম্বর রেলগেটে জেলা ও মহানগর কার্যালয়ের সামনে পাঁচ কর্মী দলীয় স্লোগান দেন এবং ব্যানার টানান। শরীয়তপুরে স্লোগান দিয়ে জেলা কার্যালয় খুলে ভেতরে নেতাদের ছবি টানানো হয়, যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

হবিগঞ্জে জেলা কার্যালয় খুলে পতাকা উত্তোলনের কয়েক ঘণ্টার মধ্যেই ভবনের ভেতরে আগুন লাগে। স্থানীয়রা ধোঁয়া দেখে আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিস জানায়, ঘটনাটি তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

রাজবাড়ী জেলা কার্যালয়ে নেতাদের ছবি ও ব্যানার টানানো হয় এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। পরে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

এ ছাড়া চট্টগ্রাম মহানগর কার্যালয়ে নতুন পরিচিতি ফলক লাগানোর ঘটনাও ঘটেছে। নিউমার্কেট এলাকার দারুল ফজল মার্কেটে এ ঘটনা ঘটে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com