গ্রেপ্তারের প্রায় দেড় বছর পর জামিনে কারামুক্ত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। এর আগে একই দিন ঠাকুরগাঁওয়ের একটি আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করে সন্ধ্যায় দবিরুল ইসলামকে মুক্তি দেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির মামলায় দবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় তাঁর ছেলে এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনও গ্রেপ্তার হন। তিনি বর্তমানে দিনাজপুর জেলা কারাগারেই রয়েছেন।
দবিরুল ইসলামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন কারাবন্দী থাকার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মুক্তির পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ, কারাগারে পর্যাপ্ত চিকিৎসার অভাবে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বর্তমানে তাঁর হাঁটাচলার শক্তিও নেই।
উল্লেখ্য, এর আগে গত ৭ ফেব্রুয়ারি একই কারাগারে অসুস্থ হয়ে মারা যান ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন।