ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। একই সঙ্গে তিনি তাঁর মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে ফিরে যাওয়ার আবেদনও করেছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এহছানুল হক মিলন-এর সঙ্গে সাক্ষাৎ করে তিনি আবেদনপত্র জমা দেন। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং শিক্ষা ও গবেষণার উন্নয়নে করণীয় বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান এবং এ ক্ষেত্রে তাঁর সহযোগিতা কামনা করেন। জবাবে উপাচার্য শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বৃহত্তর শিক্ষাখাতের উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় দেশের ক্রান্তিকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখার জন্য শিক্ষামন্ত্রী উপাচার্যকে ধন্যবাদ জানান এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি উপাচার্যের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন। তখন তিনি বলেন, হঠাৎ করে কোনো শূন্যতা তৈরি না করে সরকারকে প্রশাসন পুনর্গঠনের সুযোগ দিতে চান। একই সঙ্গে ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে বিশেষ অনুরোধও জানান। তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টের শেষ দিকে একটি সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণের সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল এবং প্রশাসনিক কাঠামো অচল হয়ে পড়েছিল। সেই পরিস্থিতি কাটিয়ে প্রতিষ্ঠানকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসাই ছিল তাদের প্রধান লক্ষ্য।