বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

  • আপডেটের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ পাচ্ছেন আটজন বিশিষ্ট ব্যক্তি। সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ে মঈনুল হাসান।

আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধনী দিনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কারপ্রাপ্তরা সম্মাননা গ্রহণ করবেন।

বাংলা একাডেমির বিবৃতিতে জানানো হয়েছে, প্রস্তাবক কমিটির সুপারিশ এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে একাডেমির নির্বাহী পরিষদ সাহিত্য পুরস্কার-২০২৫ অনুমোদন করেছে।

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখার লক্ষ্যে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৬০ সালে একাডেমির কার্যক্রমে সংশোধন আনা হয় এবং সাহিত্য পুরস্কার প্রদান, আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনসহ ফেলো, জীবনসদস্য ও সদস্যপদ প্রদানের বিধান যুক্ত হয়। সেই ধারাবাহিকতায় ১৯৬০ সাল থেকে বাংলা সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি নিয়মিতভাবে এই পুরস্কার প্রদান করে আসছে।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তরা উত্তরীয়, সম্মাননাপত্র এবং নগদ অর্থ পুরস্কার হিসেবে পেয়ে থাকেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com