আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, যারা অন্যায় করেননি তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনো ধরনের হয়রানির শিকার হবেন না। তবে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে তাদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করা হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।
দায়িত্ব পাওয়ার অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, এই ট্রাইব্যুনালের কার্যক্রম তদারকির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। দক্ষতা, মেধা ও জ্ঞান দিয়ে মামলাগুলো পরিচালনা করার পাশাপাশি বিচারপ্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
মো. আমিনুল ইসলাম আরও বলেন, কারও প্রতি বিদ্বেষমূলক মনোভাব না রেখে আইনের বিধান অনুযায়ী বিচারকার্য পরিচালিত হবে। প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ আচরণ করা হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।
চলমান বিচার কার্যক্রমের গতি আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করে চিফ প্রসিকিউটর বলেন, বিচারের অগ্রগতি কমার সুযোগ নেই। বরং প্রসিকিউশনের সক্রিয় ভূমিকার মাধ্যমে বিচারপ্রক্রিয়া আরও গতিশীল হবে, যা দেশের অগ্রগতির জন্য সহায়ক হবে।