মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই কবিতায় এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত করেছে কর্তৃপক্ষ। মনোনয়ন ঘোষণার পর পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও শেষ মুহূর্তে কবি মোহন রায়হানকে পুরস্কার দেওয়া হয়নি।

তিন দিন আগে বাংলা একাডেমি এবারের সাহিত্য পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে। ঘোষিত তালিকায় কবিতায় পুরস্কারের জন্য মোহন রায়হানের নাম ছিল। সে অনুযায়ী বৃহস্পতিবার অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত হন। তবে পুরস্কার বিতরণের সময় মঞ্চে তার নাম ঘোষণা করা হয়নি। পরে কোনো পুরস্কার গ্রহণ না করেই তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে মোহন রায়হান অভিযোগ করেন, প্রায় ৪০ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা ‘তাহেরের স্বপ্ন’ শীর্ষক একটি কবিতার কারণে তাকে পুরস্কার নিতে দেওয়া হয়নি। অনুষ্ঠান শেষে তিনি একাডেমি প্রাঙ্গণে দাঁড়িয়ে বলেন, আগের দিন সন্ধ্যাতেও পুরস্কার গ্রহণের মহড়া হয়েছে এবং তখন তাকে কিছু জানানো হয়নি। কিন্তু অনুষ্ঠানের দিন এসে তিনি জানতে পারেন, তাকে পুরস্কার দেওয়া হবে না। তিনি আরও বলেন, পুরস্কার বাতিল হলে সরকারি প্রজ্ঞাপন থাকার কথা, অথচ তিনি এ বিষয়ে কিছুই পাননি।

মোহন রায়হানের ভাষ্য অনুযায়ী, বাংলা একাডেমির কর্মকর্তারা তাকে জানিয়েছেন—পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত ‘রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা’ থেকে এসেছে। এ কারণেই তিনি অনুষ্ঠান ত্যাগ করেছেন।
এদিকে বাংলা একাডেমির একাধিক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, ‘রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা’ থেকে সিদ্ধান্ত আসায় মঞ্চে মোহন রায়হানকে পুরস্কার দেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, মোহন রায়হানের বিষয়ে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় সাময়িকভাবে কবিতায় পুরস্কারটি স্থগিত করা হয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞান বিভাগে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ে মঈদুল হাসান পুরস্কার পান। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন তারেক রহমান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com