দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ-এ এসে তারা পদত্যাগপত্র জমা দেন।
পরে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী সাংবাদিকদের বলেন, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেছেন এবং কোনো চাপের মুখে সিদ্ধান্ত নেননি। নতুন পর্ষদের জন্য তিনি শুভকামনা জানান। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং অপর কমিশনারও একই সময়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার সঙ্গে দুই কমিশনারও দায়িত্ব নেন। এর আগে ২০২৪ সালের ২৯ অক্টোবর তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার জহুরুল হক ও আছিয়া খাতুন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
২০০৪ সালের ২১ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করা হয়। প্রথম চেয়ারম্যান ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুলতান হোসেন খান। পরবর্তীতে বিভিন্ন সময়ে হাসান মশহুদ চৌধুরী, গোলাম রহমান, মো. বদিউজ্জামান এবং ইকবাল মাহমুদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
ইকবাল মাহমুদের মেয়াদ শেষে ২০২১ সালের মার্চে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তার সঙ্গে কমিশনার হিসেবে যোগ দেন জহুরুল হক। পরে কমিশনার মোজাম্মেল হক খানের স্থলাভিষিক্ত হন আছিয়া খাতুন।
সর্বশেষ পদত্যাগের ঘটনায় দুদকের নেতৃত্বে আবারও পরিবর্তন আসতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।