সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানি মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সুপ্রিম কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু-এর জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, আসামি ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি মেনন ও মানিককে হাজিরার জন্য আদালতে আনা হয়।
শুনানি শেষে ইনুকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তিন আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত ২১ জানুয়ারি একই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে এ মানহানি মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-কে প্রদান করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিচারপতি মানিক জিয়াউর রহমান-কে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করেন। এছাড়া ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে তিনি দাবি করেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না বরং মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী ছিলেন।
অন্যদিকে, ২০১৩ সালের ১৯ জুলাই বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন-ও জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে জিয়া পরিবার সম্পর্কেও তারা বিরূপ ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলেও মামলায় বলা হয়।