২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে পূর্বঘোষিত এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি বাতিল করা হয়েছে। মঙ্গলবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২৩ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে এক মিনিটের জন্য প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ পালন করা হবে। তবে কেপিআইভুক্ত এলাকা, জরুরি স্থাপনা ও বিদেশি মিশনগুলো এই কর্মসূচির বাইরে থাকবে বলেও উল্লেখ করা হয়েছিল।
কিন্তু মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন বার্তায় জানানো হয়, নির্ধারিত এই কর্মসূচিটি আর পালন করা হবে না। তবে কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইট-এর মাধ্যমে পাকিস্তানি বাহিনী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভয়াবহ গণহত্যা চালায়। জগন্নাথ হল-সহ রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়।
গত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমল থেকে ২৫ মার্চের কালরাত স্মরণে এই প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি চালু হয়। গত বছরও নির্ধারিত সময়ে সারা দেশে এ কর্মসূচি পালন করা হয়েছিল।