দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সংকটের অভিযোগ উঠেছে জাতীয় সংসদে। সংসদ সদস্যরা দাবি করেছেন, বাস্তবে তেলের ঘাটতি থাকলেও তা অস্বীকার করা হচ্ছে, ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।
সোমবার সংসদ অধিবেশনে ৭১ বিধিতে জরুরি নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম বলেন, তিনি নিজেই একাধিক পেট্রোল পাম্প ঘুরেও নিজের গাড়ির জন্য তেল পাননি। তার মতে, তেলের সংকট না থাকার দাবি বাস্তবতার সঙ্গে মিলছে না।
অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আলোচনায় অংশ নিয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামও একই ধরনের অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, তার এলাকায় পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। তবে পাম্পের বাইরে বেশি দামে বোতলে করে তেল বিক্রি হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সংসদ সদস্যরা বলেন, জ্বালানি সংকটের কারণে মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। তারা দ্রুত এই সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।