কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হওয়া তিন সন্তানের মা তাহমিনা আক্তারকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি ডিবি পুলিশের প্রতিবেদন আমলে গ্রহণ করে এ আদেশ দেন।
এর আগে গত ৩১ মার্চ ঢাকা জেলার (দক্ষিণ) ডিবি পুলিশের উপপরিদর্শক আব্দুল মুক্তালিব আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাহমিনা আক্তার ঢাকায় ভাড়া বাসায় বসবাস করেন এবং প্রাথমিকভাবে তিনি কোনো রাজনৈতিক দলের সক্রিয় কার্যক্রমের সঙ্গে জড়িত নন বলে প্রতীয়মান হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ধর্তব্য অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তাই ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারার দায় থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়।
উল্লেখ্য, গত ২৬ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাহমিনা আক্তারকে আটক করে পুলিশ। এ সময় তার সঙ্গে তিন সন্তানও ছিল। পরদিন তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তার জামিন আবেদন করা হলেও তা আবারও নামঞ্জুর করা হয়েছিল।
অবশেষে ডিবি পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে আদালত তাকে মুক্তির নির্দেশ দেন।