দেশে হামের প্রকোপ অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদনও করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পুর্নিমা জাহান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে বিবাদীদের বিরুদ্ধে রুল জারির আবেদন জানানো হয়েছে এবং তাদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ, স্বেচ্ছাচারী ও আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে।
রিটে উল্লেখ করা হয়, হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের ব্যর্থতা স্পষ্ট। সময়মতো টিকাদান নিশ্চিত করতে না পারা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে ব্যর্থতা, স্বাস্থ্যসেবায় ঘাটতি এবং জরুরি প্রতিক্রিয়ায় দুর্বলতা—এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করা হয়েছে।
এছাড়া রিটে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি গ্রহণ, পর্যাপ্ত টিকা, সিরিঞ্জ ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ নিশ্চিত করা এবং সারা দেশে বিশেষায়িত চিকিৎসা ইউনিট ও আইসিইউ সুবিধাসহ কার্যকর স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা চাওয়া হয়েছে।
হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আজই এ রিটের শুনানি হতে পারে বলে জানা গেছে।