বিদেশি কর্মী নিয়োগের উপর বিধিনিষেধ আরোপের কারণে নিয়োগ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে জাপানের রেস্তোরাঁগুলো

  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

জাপান-এর খাদ্য পরিষেবা খাতে বিদেশি কর্মী নিয়োগ নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় নতুন করে প্রবেশপত্র প্রদান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশঙ্কা, এই খাত শিগগিরই নির্ধারিত ৫০ হাজার কর্মীর সীমা পূর্ণ করে ফেলবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মার্চের মধ্যে ‘নির্দিষ্ট দক্ষ কর্মী’ (Specified Skilled Worker) ব্যবস্থার আওতায় ১৯টি শিল্প খাতে বিদেশ থেকে ৮ লাখের বেশি কর্মী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিটি খাতের জন্য আলাদা কোটা থাকলেও খাদ্য পরিষেবা খাত তুলনামূলক দ্রুত সেই সীমার কাছাকাছি পৌঁছে গেছে।

এই প্রেক্ষাপটে সরকার সোমবার থেকে সংশ্লিষ্ট খাতে নতুন বিদেশি কর্মীদের জন্য প্রবেশপত্র প্রদান সাময়িকভাবে স্থগিত করছে। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিয়োগ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে।
দেশটির অন্যতম বড় রেস্তোরাঁ চেইন পরিচালনাকারী প্রতিষ্ঠান Skylark Holdings জানিয়েছে, সরকারের এই সিদ্ধান্তের কারণে তারা খণ্ডকালীন কর্মরত ৩০ জনের বেশি বিদেশি শিক্ষার্থীকে পূর্ণকালীন চাকরিতে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে।

এদিকে বিদেশি কর্মীদের মধ্যেও এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মিয়ানমারের এক নারী, যিনি ইতোমধ্যে নির্দিষ্ট দক্ষ কর্মীর যোগ্যতা অর্জন করেছেন, জানিয়েছেন—নিজ দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তার অনেক পরিচিতজন জাপানে কাজের সুযোগ পেতে আগ্রহী। কিন্তু নতুন সিদ্ধান্তের ফলে তাদের সেই সুযোগ অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

বিশ্লেষকদের মতে, জাপানে শ্রমিক সংকট থাকা সত্ত্বেও নির্ধারিত কোটার সীমাবদ্ধতার কারণে অনেক খাতে বিদেশি কর্মী নিয়োগে বাধা তৈরি হচ্ছে। ফলে কোম্পানিগুলোকে নতুন কৌশল গ্রহণ করতে হতে পারে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com