কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে কথিত পীর আব্দুর রহমান শামীম (৬৫) ওরফে কালান্দার বাবাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনার পর জনপ্রিয় বাউল সংগীত শিল্পী ওস্তাদ শফি মণ্ডল-এর বাড়িতে পুলিশি পাহারা বসানো হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তাজনিত কারণে শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে তার বাড়িতে হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছে নেই।
বাউল শিল্পী শফি মণ্ডল জানান, তিনি গত এক মাস ধরে ঢাকায় অবস্থান করছেন এবং গ্রামের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানেন না। তার মেয়ে লিনা মণ্ডল বলেন, তার বাবা একজন সাধক ও লালন দর্শনের অনুসারী শিল্পী। বিভিন্ন দরবারে সংগীত পরিবেশনের সূত্রে একটি ভিডিওতে তার বাবার উপস্থিতি দেখা যায়, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভুল ব্যাখ্যা দিয়ে একটি গোষ্ঠী পরিস্থিতি উত্তেজিত করে।
তিনি আরও বলেন, তার বাবা লালন সাঁই-এর দর্শনের অনুসারী এবং বিশ্বজুড়ে এই দর্শনের প্রতিনিধিত্ব করেন। ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে মব জাস্টিসের পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
এর আগে শনিবার (১১ এপ্রিল) দুপুরে কোরআন অবমাননার অভিযোগ তুলে বিক্ষুব্ধ জনতা কথিত পীর শামীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ সময় দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। শামীম ওই দরবারের প্রধান ছিলেন এবং এলাকায় কালান্দার বাবা নামে পরিচিত ছিলেন। হামলায় তার তিন অনুসারী আহত হন।
রোববার (১২ এপ্রিল) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং ফিলিপনগর কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। নিহতের বড় ভাই ফজলুর রহমান জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।