দীর্ঘ প্রতীক্ষার পর হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় যাত্রা শুরু করেও মাঝপথ থেকে ফিরে আসতে হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’-কে। ইরানের বাহিনীর বাধার মুখে জাহাজটি আবারও পারস্য উপসাগরের নিরাপদ এলাকায় ফিরে গেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলে পারস্য উপসাগরে অবস্থানরত শতাধিক জাহাজ নোঙর তুলে গন্তব্যের উদ্দেশে রওনা হয়। বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে ‘বাংলার জয়যাত্রা’ প্রণালিতে প্রবেশ করে এবং ভোরের মধ্যেই এটি অতিক্রম করতে পারবে বলে আশা করা হচ্ছিল।
তবে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। ইরানের বাহিনী থেকে বেতারবার্তার মাধ্যমে জাহাজটিকে পুনরায় পারস্য উপসাগরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে তারা যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত অনুমতি না পাওয়ায় ফিরে যেতে বাধ্য হন।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর তথ্যেও একই চিত্র দেখা গেছে। রাতের মধ্যে হরমুজমুখী জাহাজগুলো দিক পরিবর্তন করে আবারও পারস্য উপসাগরের দিকে ফিরে যায়।
উল্লেখ্য, ‘বাংলার জয়যাত্রা’ গত ২ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে অবস্থান করছে। এর আগে গত ১১ মার্চ জাহাজটিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও অনুমতি না পাওয়ায় তা সম্ভব হয়নি। বর্তমানে জাহাজটিতে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে লোড করা ৩৭ হাজার টন সার রয়েছে, যা দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে পৌঁছে দেওয়ার কথা।
যুদ্ধবিরতি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার পর তৃতীয় দফায় চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় জাহাজটির নাবিক ও সংশ্লিষ্টদের মধ্যে উৎকণ্ঠা আরও বেড়েছে।