দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই তীব্র গরম অনুভূত হচ্ছে এবং আগামী কয়েক দিনে তা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগামীকাল থেকে ২৫-২৬ এপ্রিল পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
সংস্থাটির তথ্যমতে, দেশের দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে গরমের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হবে। বিশেষ করে রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বাড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় দিনের তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।
তবে খুলনা ও রাজশাহী বিভাগের দু-একটি স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা জনজীবনে ভোগান্তি বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।