চট্টগ্রাম নগরের তিনটি পৃথক স্থানে এক দিনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনা ঘটেছে, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) জিইসি মোড়, দুই নম্বর গেট ও সিআরবি এলাকায় এসব মিছিল অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভিডিওতে দেখা যায়, মহানগর ছাত্রলীগ ও এমইএস কলেজ শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়। ফেসবুকে প্রকাশিত তথ্য অনুযায়ী, জিইসি এলাকায় সকালে একটি মিছিল বের হয়, আর জুমার নামাজের পর লালখান বাজার ও সিআরবি এলাকায় আরও দুটি মিছিল অনুষ্ঠিত হয়।
জিইসি মোড় থেকে শুরু হওয়া মিছিলটি গোলপাহাড় মোড়ের দিকে অগ্রসর হতে দেখা যায়। এতে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। অন্যদিকে সিআরবি এলাকা থেকে শুরু হওয়া আরেকটি মিছিল টাইগারপাসের দিকে যায়, যেখানে দলীয় স্লোগান দেওয়া হয়। এছাড়া দুই নম্বর গেট এলাকাতেও লাল টুপি পরিহিত একটি দলকে মিছিল করতে দেখা গেছে।
এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।