ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বর্তমানে যারা মব সৃষ্টি করছে, তারা ভবিষ্যতে দেশের গণতন্ত্রের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা থেকে তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন। আন্দোলনের সময়কার কিছু ব্যক্তির আচরণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তখন যাদের নির্দিষ্ট রূপে দেখা গিয়েছিল, তাদেরই এখন ‘মব সৃষ্টিকারী’ হিসেবে দেখা যাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, “আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের জন্য তারা সবচেয়ে ক্ষতিকারক হবে। যারা সচেতনভাবে এ ধরনের গোষ্ঠী তৈরি করছে, তাদের উদ্দেশে বলব—দয়া করে আগুন নিয়ে খেলা করবেন না।”
তিনি ইঙ্গিত করেন, অতীতে আন্দোলনের সময় সক্রিয় থাকা কিছু গোষ্ঠী পরবর্তীতে ভিন্ন রূপে আবির্ভূত হয়ে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
তার বক্তব্যে গণতন্ত্র রক্ষায় দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করা হয় এবং রাজনৈতিক প্রেক্ষাপটে সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়।