জাপানে বসবাসরত এক বাংলাদেশি তরুণের মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নিহতের নাম রাব্বি ইসলাম (২১), তার বাড়ি যশোর জেলায়। গতকাল (বুধবার) আনুমানিক বিকাল ৪টার পর বাসার সামনে একটি গাছের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বর্তমানে তার মরদেহ জাপান পুলিশের হেফাজতে স্থানীয় থানার মর্গে রাখা হয়েছে। পুলিশি তদন্ত চলমান রয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
প্রাথমিকভাবে রুমমেট ও ঘনিষ্ঠদের তথ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। জানা যায়, টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (TITP) ভিসায় জাপানে যেতে প্রায় ১২–১৩ লাখ টাকা ব্যয় করেছিলেন। দেশে ঋণ, আর্থিক সংকট, প্রবাসে উচ্চ জীবনযাত্রার ব্যয়, পারিবারিক চাপ এবং ব্যক্তিগত সম্পর্কজনিত টানাপোড়েন—এসব বিষয় তার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছিল বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের সঙ্গে তার সম্পর্ক ও ব্যক্তিগত জীবনের কিছু জটিলতা নিয়েও আলোচনা রয়েছে। তবে এসব তথ্য অনানুষ্ঠানিক সূত্র থেকে পাওয়া, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।