ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনে বিরোধী দলসহ সকলকে নিয়ে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “৭১-পরবর্তী বাংলাদেশ যেমন শহীদের রক্তের ওপর দাঁড়িয়েছিল, বর্তমান বাংলাদেশ ও সংসদও একইভাবে হাজারো শহীদের আত্মত্যাগের ভিত্তিতে দাঁড়িয়ে আছে। আমরা ছাড়া আপনারা পরিপূর্ণ নন, আপনারা ছাড়া আমরা পরিপূর্ণ নই।”
প্রধানমন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে বিরোধী দলের সদস্যসহ সবার সঙ্গে যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে সরকার। তিনি বলেন, আলোচনার মাধ্যমেই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ এবং সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে তিনি বিরোধীদলীয় নেতা ও সদস্যদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সংসদের কার্যক্রম সফল করতে সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবদানের কথাও উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত দেড় মাস তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
দেশের সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “ফ্যাসিবাদের পলায়নের পর দেশকে স্থিতিশীল রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।” তিনি তাদের দায়িত্বশীল ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী আহ্বান জানান, সংসদের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করতে হবে। তিনি বলেন, “দেশের মানুষ যে দায়িত্ব ও প্রত্যাশা নিয়ে আমাদের এখানে পাঠিয়েছে, সেই দায়িত্বের সর্বোচ্চ সম্মান দিতে হবে। দেশ ও জনগণ থাকলেই আমরা আছি—তাই তাদের স্বার্থকে সর্বাগ্রে রাখতে হবে।”
তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমেই একটি শক্তিশালী, স্থিতিশীল ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।