বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কুমিল্লা আদর্শ সদর উপজেলা সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা। দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছেন এবং পরিবহন শ্রমিকরা শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছেন।
জানা গেছে, রোববার (৩ মে) দুপুরে শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কও।
পুলিশ জানিয়েছে, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, তার বাসাও ওই টার্মিনালের পাশেই অবস্থিত।
আটকের প্রতিবাদে বিভিন্ন পরিবহনের চালক-শ্রমিকরা শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করলে সেখান থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। একই সময় কোতোয়ালি থানা প্রাঙ্গণে জড়ো হয়ে সমর্থকেরা বিভিন্ন স্লোগান দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে।