সাম্প্রতিক জ্বালানি সংকট মোকাবেলায় করণীয় নির্ধারণ ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এতে কমিটির সদস্য হিসেবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান অংশ নেন।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি একটি প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। কমিটি জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে।
এ সময় চলমান জ্বালানি পরিস্থিতির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং সদস্যরা নিজেদের মতামত তুলে ধরেন। পরবর্তীতে আরও বৈঠক করে প্রয়োজনীয় সুপারিশ চূড়ান্ত করে সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।