চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। রোববার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে দেশের একটি গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, তদন্তে এখন পর্যন্ত ঢাকায় অন্তত ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত এখনও চলমান থাকায় প্রকৃত মৃত্যুর সংখ্যা এখনই চূড়ান্তভাবে বলা যাচ্ছে না বলে জানান তিনি।
প্রায় ১৩ বছর আগে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি নেয়। ওই সময় ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ, নারী নীতি বিরোধিতা এবং ১৩ দফা দাবিকে কেন্দ্র করে তারা এই কর্মসূচি ঘোষণা করেছিল।
২০১৩ সালের ৫ মে সারাদিন ব্যাপী উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটে। রাতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় পরিস্থিতি চরম আকার ধারণ করে। পরবর্তীতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে এলাকা খালি করা হয়।
চিফ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, ওই অভিযানে নিহত ৩২ জনের তথ্য তদন্তে উঠে এসেছে এবং তদন্ত শেষ পর্যায়ে পৌঁছালেও পূর্ণাঙ্গ সংখ্যা ও চূড়ান্ত তথ্য এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।