চব্বিশের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও পঞ্চগড়ের তিনটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন-কে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।
আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, এই তিন মামলায় জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট সুজনকে নিয়মিত জামিন দিয়েছেন। তবে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে শ্যামলী এলাকার একটি হাসপাতাল থেকে তাকে আটক করে পুলিশ। পরদিন যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। একই বছরের ৯ সেপ্টেম্বর ইমরান হোসেন হত্যা মামলায় তার নাম অন্তর্ভুক্ত হয়, যেখানে বাদী ছিলেন ভিকটিমের মা কহিনুর আক্তার।
পরবর্তীতে তাকে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড় জেলার রিকশাচালক আল আমিন হত্যা মামলাতেও তাকে আসামি করা হয়।
নিম্ন আদালতে জামিন না পেয়ে গত বছর হাইকোর্টে আবেদন করেন সুজন। পঞ্চগড়ের মামলায় ৩১ জানুয়ারি এবং যাত্রাবাড়ীর দুই মামলায় ১ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেন। পরবর্তীতে রুলের শুনানি শেষে পৃথক তিন রায়ে তাকে জামিন দেওয়া হয়।