বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

বাংলাদেশ ও চীন-এর মধ্যে বিদ্যমান ‘সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ আরও সুদৃঢ় করার অঙ্গীকারের মধ্য দিয়ে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক।

বুধবার (৬ মে) বেইজিংয়ের ঐতিহাসিক দিয়াওউতাই স্টেট গেস্ট হাউস-এ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ বৈঠকে মিলিত হন।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোগত সংযোগ (কানেকটিভিটি) এবং উন্নয়ন সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের পক্ষ থেকে অর্থনৈতিক স্থিতিশীলতা ও অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে, চীন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

এ বৈঠকে উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বৈঠকের আগে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স-এর চেয়ারম্যান ওয়াং হুনিং-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে উভয় পক্ষ একমত হয় যে, বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তিগত বিনিময় এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ও চীন পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করবে। বিশেষ করে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com