নিজস্ব প্রতিবেদক
কমিউনিটিভিত্তিক উন্নয়ন ও জলবায়ু অভিযোজন (সিবিডি অ্যান্ড সিএ) প্রকল্পের বেসলাইন জরিপ পরিচালনার জন্য চুক্তি সই করেছে গবেষণা প্রতিষ্ঠান অ্যাডভান্সড রিসার্চ থটস ল্যাব (এআরটি ল্যাব) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী। প্রকল্পটিতে অর্থায়ন করছে জার্মান সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড (Brot für die Welt)।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর মিরপুরে এআরটি ল্যাবের কার্যালয়ে চুক্তিতে সই করেন পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগম এবং এআরটি ল্যাবের চেয়ারম্যান মো. মাকসুদ-উল হাসান।
প্রকল্পটি দিনাজপুরের ছয়টি উপজেলা এবং নীলফামারী জেলার সদর উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। এর লক্ষ্য কমিউনিটিভিত্তিক সংগঠনগুলোকে শক্তিশালী করা এবং জলবায়ু অভিযোজন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে নারী ও তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা।
বেসলাইন জরিপের মাধ্যমে প্রকল্পের সূচকগুলোর ভিত্তিমান নির্ধারণ করা হবে। পাশাপাশি লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা, জেন্ডার সম্পর্ক এবং জলবায়ু সহনশীলতাও পর্যালোচনা করা হবে।
জরিপের ফলাফল প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ, অর্জন মূল্যায়ন এবং দীর্ঘমেয়াদি প্রভাব পরিমাপে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।




