নিজস্ব প্রতিবেদক
কনসার্টে গান শোনাতে ঢাকায় এসেছেন রোমানিয়ার পপতারকা ওটিলিয়া ব্রুমা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছান; বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ।
ঢাকায় পৌঁছে ফেসবুকে ওটিলিয়া লিখেছেন, “হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে আমি খুব খুশি, ভক্তদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব শিগগিরই দেখা হচ্ছে।”
এদিন রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে ফোন দেখে হেসে হেসে বাংলায় বলেন, “আমি বাংলাদেশকে ভালোবাসি।” বাংলাদেশের মানুষ, তাদের প্রাণশক্তি আর এখানকার খাবারের প্রতিও ভালো লাগার কথা জানান তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ কনসার্টে গান শোনাবেন তিনি। একই মঞ্চে থাকবেন ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড। টিকিফাইয়ে কনসার্টের টিকিটের দাম রাখা হয়েছে ২,৬০০ থেকে ১০,০০০ টাকা।
২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গান দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান ওটিলিয়া। এর আগে ২০২২ সালের জুলাইয়েও ঢাকায় কনসার্ট করেছিলেন তিনি; চার বছর পর আবার বাংলাদেশে এলেন এই পপতারকা।


