মিস ইউনিভার্সে এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি, তারপর হঠাৎ কেন বাদ পড়লেন?
নিজস্ব প্রতিবেদক
৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে শুরু হয় বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায়, পুয়ের্তো রিকোর সান হুয়ানে। ১১৬ দেশ ও অঞ্চলের প্রতিযোগীর মধ্য থেকে সেরা ৩০-এর নাম ঘোষণা করা হয়। বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি সেই তালিকায় জায়গা পাননি।
দর্শক ভোটে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ যাওয়ার সুযোগ ছিল। পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি।
কিন্তু শেষ মুহূর্তে সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। ভোটের লড়াইয়ে তাঁকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন তিনি।
বাকি ২৯টি স্থান নির্ধারিত হয় সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে। সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় এখানেই শেষ হলো মাহির এবারের মিস ইউনিভার্স যাত্রা।
ফিনালের পর মাহি ফেসবুকে লিখেছেন, দেশের নাম উজ্জ্বল করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন; প্রত্যাশা পূরণ করতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। এবারের মিস ইউনিভার্স হয়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেতো।
ছবি: সংগৃহীত

