ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে এসব সার ও বীজ উদ্ধার করা হয়।
সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়া যায় যে সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ মজুদ করা হয়েছে। খবর পেয়ে কৃষি বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই সার ও বীজ উদ্ধার করে।
তিনি বলেন, “সরকারি প্রণোদনার সার ও বীজ কোনো রাজনৈতিক সংগঠনের কার্যালয়ে রাখার অধিকার নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
এ ঘটনায় সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।