প্রকাশক হুমায়ুন গ্রেফতার কেনো? লুৎফর রহমান রিটন

  • আপডেটের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

চারুলিপি প্রকাশনীর কর্ণধার হুমায়ুন কবির আমার বিশেষ প্রীতিভাজন। (অনুজপ্রতিম এই প্রকাশক আমার কোনো বইয়ের প্রকাশক নয় যদিও।)
তার সঙ্গে আমার সম্পর্কটা দীর্ঘদিনের। না। কোনো রাজনৈতিক বিশ্বাসের কারণে নয়। বয়েসে তরুণ হলেও ওর প্রকাশনারুচি এবং বিষয় নির্বাচন আমার দৃষ্টি কেড়েছিলো। পৃথিবী বিখ্যাত ছোটদের উপন্যাস লরা ঈঙ্গল ওয়াইল্ডারের লেখা ‘লিটল হাউজ অন দ্য প্রেইরি’র কয়েকটি পর্বের বাংলা অনুবাদগ্রন্থ সে প্রকাশ করেছিলো। বইমেলায় তার স্টলে গিয়েও এই কারণে তাকে আমি আমার ভালোবাসার কথাটা জানিয়ে এসেছিলাম।

বাংলাদেশে ২০২৪-এ রাজনৈতিক হাওয়া বদলের পর কতিপয় প্রকাশকের লুকিয়ে রাখা নখর দন্তের বহিঃপ্রকাশ আমরা দেখেছি। কয়েকজন প্রকাশকের বিরুদ্ধে মামলার কথাও শুনেছি। এক্ষেত্রে কমন অভিযোগ বঙ্গবন্ধু কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই প্রকাশ। বঙ্গবন্ধুর ওপর বই প্রকাশ করেনি এমন কোনো গুরুত্বপূর্ণ প্রকাশক কি আছে বাংলাদেশে? আরো অনেকের মতো হুমায়ুনও প্রকাশ করেছিলো শেখ হাসিনা রচিত বই।
এই কারণে সম্প্রতি হুমায়ুনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণের সংবাদটি পেয়ে আমি বিস্মিত।

বঙ্গবন্ধু বিষয়ক বই কিংবা শেখ হাসিনারচিত বই প্রকাশ যদি গ্রেফতারযোগ্য অপরাধ হয় তাহলে তো একগুচ্ছ প্রকাশককে গ্রেফতার করতে হয়! আগামীর ওসমান গণি, মাওলার আহমেদ মাহমুদুল হক, ইউপিএলএর মাহরুখ আহমেদ কিংবা ফিরোজ আহমেদ, ঐতিহ্যের আরিফুর রহমান নাঈম, এডর্ণের সৈয়দ জাকির হোসেন, আবিস্কারের দেলোয়ার হোসেন, অন্য প্রকাশের মাজহারুল ইসলাম, কথা প্রকাশের জসিমউদ্দিন, অনন্যার মনিরুল হক, সময়ের ফরিদ আহমেদ, প্রথমার মতিউর রহমান কিংবা হালে ‘লালবদর প্রকাশক’ হিশেবে খ্যাতি পাওয়া বাতিঘরের দীপঙ্কর দাশকেও তো তাহলে গ্রেফতারের আওতায় আনতে হয়!

আমি বিস্মিত হয়েছি প্রকাশকদের নির্লিপ্ত আচরণে।
প্রায় একমাস হতে চললো হুমায়ুনকে গ্রেফতার করে জেলবন্দী করে রাখা হয়েছে কিন্তু প্রকাশকদের কেউ কিংবা প্রকাশকদের কোনো সমিতি ছোট্ট একটা প্রেস রিলিজ পর্যন্ত দেয়নি!
এমন কি হুমায়ুনের গ্রেফতারের বিষয়টি সংবাদ মাধ্যমেও আসেনি।

পরিস্থিতি কি চিরকাল একই রকম থাকবে?
হুমায়ুনের পরিণতি তো আরো অনেকেরই হতে পারে আগামীতে পরিবর্তিত পরিস্থিতিতে! সেটা কি খুব সুখকর হবে?

আমি চাই প্রকাশকরা কথা বলুন।
মিডিয়া সোচ্চার হোক।
হুমায়ুন মুক্তি পাক।

এবং বেঁচে থাকুক বাংলাদেশের প্রকাশনাশিল্প।

অটোয়া ০১ নভেম্বর ২০২৫

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com