বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের এখন জুলাই সনদের নয়, একটি কার্যকর সংসদের প্রয়োজন, যা প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন করবে।
শনিবার (১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মেজর (অব.) হাফিজ বলেন, “যারা মুক্তিযুদ্ধ করেছে, অন্তর্বর্তী সরকার তাদের অবদান ভুলিয়ে দিতে চায়। এই সরকার কোথাও মুক্তিযুদ্ধের কথা বলে না, বরং একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে হেয় করার অপচেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “অসংখ্য ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই সংগ্রামের সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা হয় না। বাংলাদেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে।”
ক্ষমতার লোভে কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক জনগণ তা প্রতিহত করবে।”