আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে খুলনার জাহানাবাদ সেনানিবাসের এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস)। সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।—আইএসপিআর
সম্মেলনে সেনাবাহিনী প্রধান আর্মি সার্ভিস কোরের সদস্যদের একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা অর্জনের আহ্বান জানান। তিনি বলেন, “আধুনিক যুগের পরিবর্তনশীল চাহিদা অনুযায়ী নিজেদের প্রশিক্ষণ ও দক্ষতা বাড়াতে হবে, যাতে ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করা যায়।”
জেনারেল ওয়াকার-উজ-জামান আর্মি সার্ভিস কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় তাদের অবদান এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
এর আগে সেনাপ্রধান জাহানাবাদ সেনানিবাসে পৌঁছালে তাকে স্বাগত জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; এবং কমান্ড্যান্ট, এএসসিসিঅ্যান্ডএস।
মতবিনিময়কালে সেনাপ্রধান আর্মি সার্ভিস কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি, আর্টডক; মহাপরিচালক, বিএমটিএফ; জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; চেয়ারম্যান, সেনাকল্যাণ সংস্থা; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা; কমান্ড্যান্ট, এএসসিসিঅ্যান্ডএস এবং আর্মি সার্ভিস কোর ইউনিটের অধিনায়করা।