সাতক্ষীরা শহরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ভিডিওতে দেখা যায়, এক যুবক স্তম্ভের চারপাশে কিছু তরল পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন। পরে ঘটনাস্থলে গিয়ে আগুনের আলামত ও পেট্রোলের গন্ধ পাওয়া যায়। তবে স্মৃতিস্তম্ভটি অক্ষত রয়েছে।
স্থানীয়রা প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, শহরের কেন্দ্রস্থলে এমন ঘটনায়ও কেউ শনাক্ত না হওয়ায় পুলিশকে দায় নিতে হবে।
সাতক্ষীরা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসাইন বলেন, “আমরা দেখেছি, সাতক্ষীরার কয়েকটি ফেসবুক পোস্টে এই ভিডিওটি ছড়িয়েছে, যেখানে ‘সাতক্ষীরা জেলা যুবলীগ’ লেখা রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখা গেলে দ্রুত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। আরও দুঃখজনক হলো—আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড পেজ থেকে ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কর্মসূচি দিয়েছে, কিন্তু এত গুরুত্বপূর্ণ স্থানে কেন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল না?”
তিনি আরও জানান, প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “আগুন জ্বললে জায়গাটা কালো হয়ে যাওয়ার কথা, কিন্তু তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। আমাদের তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা পাহারার ব্যবস্থা করেছি এবং ঘটনাটিকে গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অভিযানও চলমান রয়েছে।