ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে আগামী ১৯ নভেম্বর দিল্লি সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম সম্মেলন ২০ নভেম্বর ভারতের রাজধানীতে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে এই সফর আয়োজন করা হচ্ছে। গত মাসেই খলিলুর রহমানকে সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পাঠানো হয়। এবার সম্মেলনের স্বাগতিক দেশ ভারত। খলিলুর রহমানের এই সফর দুই দিনের হওয়ার কথা রয়েছে।
সরকারের দায়িত্বশীল একটি সূত্র এবং ঢাকায় ভারতের হাইকমিশনের একটি সূত্র তার দিল্লি যাত্রার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
কলম্বো সিকিউরিটি কনক্লেভ হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলের বহুপক্ষীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামো, যার সদস্য ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও বাংলাদেশ। সেশেলস এখানে পর্যবেক্ষক দেশ হিসেবে যুক্ত রয়েছে।
বাংলাদেশ ২০২৪ সালে এই ফোরামের পূর্ণ সদস্য হয়। একই বছরের আগস্টে কলম্বোতে অনুষ্ঠিত বৈঠকে সদস্য দেশগুলো শ্রীলঙ্কার রাজধানীতে সিএসসি সচিবালয় প্রতিষ্ঠার জন্য সনদ এবং সমঝোতা স্মারকে সই করে। আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নই এই ফোরামের মূল লক্ষ্য, যেখানে পাঁচটি অগ্রাধিকারমূলক ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।