রিয়েল এস্টেট ডেভেলপারদের কাছ থেকে সাফ কবলা দলিলের মাধ্যমে বিক্রি হওয়া জমি বা ফ্ল্যাট পরে পুনরায় বিক্রি বা হস্তান্তরের সময় ক্রেতা-বিক্রেতাদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১২ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নতুন একটি প্রজ্ঞাপন জারি করে। শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ডেভেলপার কর্তৃক সাফ কবলা দলিলমূলে হস্তান্তরিত ভূমি বা ফ্ল্যাটের পরবর্তী বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে অনুমোদন, নামজারি বা অন্যান্য নামে ক্রেতা-বিক্রেতাদের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায় সম্পূর্ণভাবে আইনবিরোধী। তাই কোনো ডেভেলপারই পরবর্তী হস্তান্তর প্রক্রিয়ায় বিক্রয় অনুমোদন বা নামজারিসহ যে কোনো নামের অজুহাতে ক্রেতা-বিক্রেতার কাছ থেকে অর্থ গ্রহণ করতে পারবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং সংশ্লিষ্ট বিধিমালা ২০১১ ছাড়াও প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।