গত ১০ মাসে রাজধানী ঢাকায় মোট ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার সকালে সাংবাদিকদের কাছে ডিএমপির উপ–পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, প্রতি মাসে গড়ে প্রায় ২০টি হত্যার ঘটনা ঘটে, যার অধিকাংশেরই রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ।
ডিসি তালেবুর রহমান বলেন, এসব হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক সহিংসতা, পুরোনো শত্রুতা, এলাকায় আধিপত্য বিস্তার থেকে শুরু করে অজ্ঞাতনামা নবজাতকের লাশ উদ্ধারের মতো ঘটনা রয়েছে। তারপরও গত দশ বছরের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, বর্তমান আইন–শৃঙ্খলা পরিস্থিতি মোটের ওপর স্থিতিশীল রয়েছে।
এসময় পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, ঘটনাটি পুলিশ খুব গুরুত্ব সহকারে তদন্ত করছে। এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে, আর বাকি দুইজনকে গ্রেপ্তার করতে পারলেই হত্যার পেছনের মূল কারণ ও পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে।
ডিএমপির দাবি, ধারাবাহিক অভিযানের ফলে বেশির ভাগ হত্যার রহস্য উদ্ঘাটিত হচ্ছে এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত কাজ করে যাচ্ছে।













