গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতা মুরাদ হোসেন (৬৫) মারা গেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মুরাদ হোসেন রাজধানীর মিরপুর পাইকপাড়া এলাকার আমজাদ হোসেন শিকদারের ছেলে। তিনি মিরপুর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং একই ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সুপার আব্দুল্লাহ আল মামুন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কারাগার সূত্র জানায়, মুরাদের বিরুদ্ধে তিনটি মামলা চলমান ছিল। গ্রেপ্তারের পর মিরপুর থানা পুলিশ তাকে আদালতে পাঠায় এবং আদালত তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারের ভেতর আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন মুরাদ হোসেন। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।