ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার ফটকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরিবারের সদস্যরা জানান, রাতের নিস্তব্ধতায় হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে তারা বের হয়ে দেখেন ফটকের সামনে আগুন জ্বলছে। দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ঘটনাটির পর পুরো পরিবার আতঙ্কে রয়েছে।
উম্মা উসওয়াতুন রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেছেন। রাদ জানান, সময়মতো আগুন শনাক্ত না করলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। ঘটনার সময় বাসায় চার থেকে পাঁচজন সদস্য উপস্থিত ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।