যুক্তরাজ্যে যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। মঙ্গলবার (১৮ নভেম্বর) হাইকমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভিসা–আবেদনের ক্ষেত্রে জাল বা ভুয়া কাগজপত্র জমা দেওয়া হলে কঠোর শাস্তির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের ভিসা আবেদনে জাল নথি জমা দিলে আবেদনকারীর বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এজন্য ভিসা প্রক্রিয়ায় সব সময় বৈধ ও সত্য তথ্য জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। হাইকমিশন স্পষ্টভাবে সতর্ক করেছে—এ বিষয়ে কোনো ধরনের ঝুঁকি নিলে তা আবেদনকারীর জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।
এর আগে ব্রিটিশ হাইকমিশন জানিয়েছিল, যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) কখনোই গ্যারান্টিযুক্ত নয়। তাই ভিসা নিশ্চিত করে দেওয়ার প্রলোভনে ফোন, ই-মেইল বা টেক্সট বার্তার মাধ্যমে যোগাযোগ করা প্রতারকদের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
হাইকমিশন বলেছে, কেউ যদি দাবি করে যে তারা যুক্তরাজ্যের ভিসা ‘নিশ্চিত করে দিতে পারে’, তবে তা নিঃসন্দেহে প্রতারণা। ভিসা প্রক্রিয়া সম্পূর্ণভাবে যাচাই–বাছাই ও নিয়মতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়, যেখানে বাহ্যিক প্রভাব বা নিশ্চয়তার কোনো সুযোগ নেই।