ককটেল নিক্ষেপ বা বাসে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গুলি চালানো—এটি কোনো ব্যক্তিগত নির্দেশ নয়, বরং আইনেই এমন ক্ষমতা দেওয়া আছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিবি কার্যালয়ের পাশে নবনির্মিত সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি থানার সামনে পুলিশ সদস্যকে ককটেল নিক্ষেপ করে আহত করা হয়েছে, যা স্বাভাবিকভাবেই তাদের মনোবলে আঘাত হানে। পুলিশকে মনোবল ধরে রাখতে এবং নিরাপদ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ঢাকাবাসীর জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। নাশকতা ও সহিংসতা প্রতিরোধে কঠোর থাকা ছাড়া কোনো উপায় নেই।
নবউদ্বোধিত ‘ডিবি সাইবার সাপোর্ট সেন্টার’ সম্পর্কে তিনি বলেন, এই ইউনিট পুলিশের প্রতি জনগণের আস্থা আরও বাড়াবে এবং নিরাপদ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। অনলাইনে প্রতারণা কিংবা সাইবার অপরাধের শিকার হলে নাগরিকরা ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে সহজেই সহায়তা চাইতে পারবেন।