রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭।
ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা হালকা কম্পন অনুভব করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, ঢাকায় সত্যিই ভূমিকম্প হয়েছে কিনা, তা নিশ্চিত করতে সিসমিক সেন্টার থেকে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।
এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূকম্পন হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলায়। তারও আগে শুক্রবার সকালে অনুভূত ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নরসিংদীর মাধবদীকে উৎপত্তিস্থল হিসেবে শনাক্ত করা হয়। সেই ভূমিকম্পে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয় এবং অনেকে আহত হন। টানা ভূমিকম্পে রাজধানীসহ দেশের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।