পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার আগেই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন জয়।
দুদকের মামলার রায়কে ‘সাজানো’ অভিহিত করে সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে, যাতে আমরা নির্বাচন করতে না পারি। পুরো উদ্দেশ্যই হচ্ছে আমার মা কিংবা পরিবারের কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে।”
অনিয়ম করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি আরও বলেন, “আমার কোনো ব্যক্তিগত জমি নেই। আমার যে সম্পত্তি আছে, তা বাবার রেখে যাওয়া। আমি জীবনে কোনোদিন ঢাকায় বা বাংলাদেশে জমি কিনিনি। আমার খালাতো ভাই-বোনদেরও কোনো ব্যক্তিগত জমি নেই—যা আছে, তা পৈত্রিক সম্পত্তি।”
জয় দাবি করেন, পরিবারের সদস্যরা আইন মেনেই জমি কিনেছেন। “আইন পরিষ্কার—যাদের জমি নেই, তারা জমি কিনতে পারেন। আমরা প্রথমবারের মতো নিজেদের অর্থায়নে এই জমি কিনেছি। আমাদের পাঁচ ভাইবোনের মধ্যে কেউ পৈত্রিক সম্পত্তি ছাড়া বাংলাদেশে আর কোনো জমির মালিক নই,” বলেন তিনি।
তিনি আরও চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “আমাদের পরিবারের অন্য কোনো বাড়ি বা জমির প্রমাণ কেউ দেখাতে পারবে না।”
উল্লেখ্য, জমি বরাদ্দের অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে দুদক মামলায় আদালত সম্প্রতি এই তিনজনকে দণ্ডাদেশ দেন।