ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যবস্থায় অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ১৮৮ জন প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৯৯ হাজার ১৪৫ জন এবং নারী ১৬ হাজার ৪৩ জন।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, নিবন্ধনকারীদের নির্ধারিত ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। ভোট প্রদান শেষে প্রবাসী ভোটাররা তা ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
গত ১৯ নভেম্বর থেকে প্রবাসীদের জন্য অ্যাপে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রবাসীদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিতরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
ইসির তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, মিসর, মরক্কো, নাইজেরিয়া, কেনিয়া, ব্রাজিল, চিলি, তাইওয়ানসহ বহু দেশে নিবন্ধন কার্যক্রম চলছে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সংস্থাটি এবার ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোটের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে।