জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোন কোন তথ্য পরিবর্তনযোগ্য এবং কোনগুলো সংশোধন করা যাবে না—এ বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার দুপুরে নির্বাচন কমিশনে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। একই সঙ্গে তিনি প্রবাসী ভোটার নিবন্ধনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর কথাও জানান।
ব্রিফিংয়ে সচিব বলেন, এনআইডিতে ব্যক্তির নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, পেশা, ভোটার ঠিকানা এবং ছবি—এই সাতটি তথ্য আপাতত পরিবর্তনযোগ্য নয়। এসব তথ্য পরিবর্তনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ভোটার তালিকা চূড়ান্ত করার আগে কমিশন নির্ধারণ করবে।
তবে স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম, প্রতিবন্ধকতার ধরণ এবং ফোন নম্বরসহ কিছু তথ্য সংশোধন করা যাবে।
আখতার আহমেদ জানান, বিশেষ করে ফোন নম্বর পরিবর্তনের প্রয়োজনীয়তা অনেক বেড়েছে কারণ আয়করসহ বিভিন্ন সেবায় পুরোনো নম্বর অকার্যকর থাকায় নাগরিকরা সমস্যায় পড়ছেন।
এদিকে প্রবাসী ভোটার নিবন্ধনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।