বিতর্কিত ভ্রমণ ভ্লগার বনি আমিনের একটি কথিত ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও ক্লিপে তাকে দেশের নাগরিকদের নিয়ে অবমাননাকর মন্তব্য করতে এবং নিজেকে একটি বিদেশি শক্তিধর দেশের সঙ্গে যুক্ত দাবি করতে শোনা যায় বলে সামাজিকমাধ্যমজুড়ে আলোচনায় উঠে এসেছে।
অনলাইনে ছড়িয়ে পড়া অডিওতে বনি আমিন নিজেকে সাধারণ কন্টেন্ট নির্মাতা নয় বরং বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দাবি করছেন। এ সময় তিনি বলেন, অনেকে তাকে শুধু ভ্লগার হিসেবে চেনায় তিনি বিরক্ত এবং বিদেশ ভ্রমণে তার বিলাসী জীবনযাপনের কারণ নেপথ্যে অন্য পরিচয় রয়েছে।
অডিওতে আরও দাবি করা হয়েছে, তিনি পৃথিবীর অন্যতম নিরাপত্তাব্যবস্থাপনা শক্তিশালী একটি দেশে প্রবেশ করে তা দেখিয়েছেন, যার জন্য বিশেষ ধরনের “কানেকশন” প্রয়োজন। তবে কোন দেশের কথা তিনি উল্লেখ করেছেন সে বিষয়ে অডিওতে সরাসরি কিছু বলা হয়নি।
অডিওর আলোচ্য অংশে বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগও রয়েছে, যা নেটিজেনদের ক্ষোভ আরও বাড়িয়েছে। এছাড়া কথোপকথনে তাকে দেশের নিরাপত্তা সংস্থার কাছ থেকে বিশেষ প্রটোকল পাওয়ার দাবি করতে শোনা যায়–এমন অভিযোগও সামাজিকমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তবে এসব দাবির কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি।
অডিওতে একজন জনপ্রিয় উপস্থাপকের প্রসঙ্গও উঠে আসে, যেখানে বনি আমিন দাবি করেন, পরিচিত গণমাধ্যম ব্যক্তিত্বরা তার পরিচয় সম্পর্কে অবগত। মুসলিম পরিচয়ের সঙ্গে বিদেশি শক্তির হয়ে কাজ করার প্রশ্নে তিনি কথোপকথনের অপরপ্রান্তের ব্যক্তির ওপর ক্ষোভ প্রকাশ করেন বলেও অভিযোগ উঠেছে।
অডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা বনি আমিনের বক্তব্যের নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।