শিল্পকলার সব অনুষ্ঠান ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত

  • আপডেটের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব ধরনের অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করা হয়েছে। শুক্রবার একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনিবার্য কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে এই স্থগিতাদেশ কতদিন কার্যকর থাকবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

জানা গেছে, শনিবার রাষ্ট্রীয় শোক দিবস হওয়ায় সেদিন শিল্পকলা একাডেমির সব কার্যক্রম বন্ধ থাকবে। রোববার থেকে অনুষ্ঠান চালু হতে পারে, আবার নাও হতে পারে—এ বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে আভাস দেন সংশ্লিষ্ট এই কর্মকর্তা।

শনিবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে সরকার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। যদিও শোক দিবস একদিনের, তবুও শিল্পকলা একাডেমি কতদিন বন্ধ থাকবে—এ প্রশ্নে দীপক কুমার গোস্বামী পুনরায় জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত থাকবে।

এদিকে নাট্যদল অবলোকন সম্প্রতি নতুন প্রযোজনা ‘গন্ধসূত্র’ মঞ্চে এনেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

শুক্রবার সন্ধ্যায় একই মিলনায়তনে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হওয়ার কথা থাকলেও শিল্পকলা একাডেমি থেকে মিলনায়তন বরাদ্দ স্থগিত করায় তা অনুষ্ঠিত হয়নি।

নাটকটির নির্দেশক কাজী তৌফিকুল ইসলাম ইমন বলেন, দেশের বর্তমান অরাজক পরিস্থিতির কারণে শিল্পকলা একাডেমি বন্ধ রাখা হয়েছে। এ কারণে তাদের নির্ধারিত প্রদর্শনী বাতিল করতে বাধ্য হয়েছেন।

এদিকে শুক্রবার সকালে অবলোকনের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, দেশের অরাজক পরিস্থিতির কারণে ১৯ ডিসেম্বর শুক্রবার ‘গন্ধসূত্র’ নাটকের প্রদর্শনী স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com