সম্প্রতি দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারসহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার সকাল পর্যন্ত এই ৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে সাতজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— মো. কাশেম ফারুক, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানা এবং মো. শফিকুল ইসলাম।
আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশ পৃথক অভিযানে আরও দুইজনকে গ্রেফতার করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করে জানায়, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ইতোমধ্যে ৩১ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।